
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক অর্থনৈতি ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা উত্তেজনার পর অবশেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে এই স্বস্তির মাঝেই উল্টো চিত্র দেখা গেছে স্বর্ণবাজারে।
বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকতে শুরু করায় স্বর্ণের দাম উঠে গেছে সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায়ে। বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ২.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে পৌঁছেছে, যা প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দিনের শুরুতে দাম আরও বেশি বৃদ্ধি পেয়ে ১৯ মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির স্বর্ণ ফিউচার ৩.৪% বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমলেও ভবিষ্যৎ অনিশ্চয়তা এখনো কাটেনি। সেই কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। জ্বালানি বাজারে অস্থিরতা ও সম্ভাব্য মুদ্রাস্ফীতির প্রভাবও এই প্রবণতাকে জোরদার করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে সম্মত হয়েছে এবং ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
স্বাধীন ধাতু বিশ্লেষক তাই ওংয়ের মতে, এটি মূলত “তাৎক্ষণিক স্বস্তির প্রতিক্রিয়া”, তবে সামনে বাজার কোন দিকে যাবে তা নির্ভর করছে আলোচনার অগ্রগতির ওপর। তিনি আরও বলেন, স্বর্ণের জন্য ৪,৯৩০ ডলার একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ স্তর, আর ৫,০০০ ডলার মনস্তাত্ত্বিক বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সম্ভাব্য বৈঠক হতে পারে বলে জানা গেছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো স্পষ্ট করেছে, এই আলোচনা চূড়ান্ত শান্তির নিশ্চয়তা নয়।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
স্পট সিলভার বেড়ে ৭৬.৪৮ ডলার প্লাটিনাম ২,০২০.৫৭ ডলার প্যালাডিয়াম ১,৫২৯.৩৫ ডলার বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি বাজারে অস্থিরতা ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।





























