
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের গভীরে পাওয়া গেছে বহু বছরের পুরনো গুপ্তধন। স্থানীয় ডুবুরি ও অনুসন্ধানকারী দল ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ এলাকা থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন। এই সম্পদের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
প্রাথমিক ধারণা অনুযায়ী, এই মুদ্রাগুলো স্প্যানিশ উপনিবেশ বলিভিয়া, মেক্সিকো ও পেরু থেকে আনা হয়েছিল। ১৭১৫ সালে এসব গুপ্তধন বোঝাই করা জাহাজগুলো ঝড়ের কারণে সমুদ্রে ডুবে যায় এবং দীর্ঘ শতাব্দী ধরে সাগরের তলে চাপা পড়ে ছিল।
ডুবুরি দল জানিয়েছে, তারা বিশেষ ধাতু শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে মুদ্রাগুলো উদ্ধার করেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া দল মনে করেন, এই মুদ্রাগুলো কেবল অর্থ নয়, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি মুদ্রা অতীতের এক গল্প ও সেই যুগের বাণিজ্য ও যাত্রার তথ্য বহন করছে।
ফ্লোরিডার স্থানীয় আইন অনুযায়ী, সাগরে পাওয়া কোনো গুপ্তধনের মালিক অঙ্গরাজ্য সরকার। বেসরকারি দলগুলোকে সরকার অনুমতি দিলে তারা অনুসন্ধান চালাতে পারে। ডুবুরি ও গবেষকরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের অনুসন্ধান আরও প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের নতুন তথ্য উন্মোচন করবে।





























