আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা বলা মহাপাপ এবং কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে তাকে বদনাম করা আরও বড় গুনাহ। তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতা ও এনসিপি নেতাদের উদ্দেশে এ ধরনের অপবাদ থেকে বিরত থাকার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, তার এলাকায় আগে কখনও পরাজয়ের ইতিহাস নেই। সেখানে তার অসংখ্য বন্ধু, আত্মীয়-স্বজন ও সমর্থক রয়েছেন। তাই ভোটের অভাব হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা কীভাবে এত ভোট পেয়েছেন, সেটি এখন জাতির সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের রাতে কয়েকটি কেন্দ্রে তাদের কর্মীদের পাহারা দিতে হয়েছে। তা না হলে অনেক কেন্দ্রেই জাল ভোট দিয়ে বাক্স ভরে ফেলার আশঙ্কা ছিল বলে দাবি করেন তিনি। তার মতে, অস্বাভাবিক কৌশলে নির্বাচন পরিচালনা করা হয়েছে এবং এখন তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডের প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন, সেখানে প্রতিদ্বন্দ্বীরা যে ভোট পাওয়ার দাবি করছেন, সেটি বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি দাবি করেন, প্রয়োজন হলে তিনি নাম ধরে বলতে পারবেন কারা তাকে ভোট দিয়েছেন।
শেষে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে কি না, তা প্রমাণ করার দায়িত্ব তিনি নিজেই নেবেন বলে জানান।