আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আগামী বছর হজযাত্রীদের জন্য খরচ আরও কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার চায় হজযাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হোক।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগেই এ বছরের হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তারপরও সরকার প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত হজের খরচ কমাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা আল্লাহর ঘরে যাচ্ছেন—দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করতে হবে। তিনি হজযাত্রীদের সুস্থভাবে ফিরে আসারও কামনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় ও বিদেশি এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। প্রথম ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী অংশ নেন।