আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অনলাইন শিক্ষাব্যবস্থা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই পদ্ধতির সঙ্গে খাপ খাওয়ানো ছাড়া বিকল্প নেই।
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি সংকটের প্রভাব শিক্ষা ব্যবস্থায় পড়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে অনলাইন ও সরাসরি ক্লাস একসঙ্গে চালাতে হচ্ছে। এ নিয়ে সমালোচনা থাকলেও বাস্তবতার কারণে এই পদ্ধতি চালু রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, অধিকাংশই অনলাইন ক্লাসে আগ্রহী নয়। তারপরও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যবস্থাকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়।
এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগের কথাও জানান তিনি। পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দেন।
মন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যদিও এ ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।