আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে চাপ প্রয়োগ করে নতি স্বীকার করাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি। তার দাবি, লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই ওয়াশিংটন এখন আলোচনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বর্তমানে সুইজারল্যান্ডে বৈঠক করছেন। সম্প্রতি স্বাক্ষরিত তেহরান-ওয়াশিংটন সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে সেখানে।
সাবেক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার রেজায়ি বলেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কৌশল গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই প্রচেষ্টা সফল না হওয়ায় তারা এখন আলোচনার টেবিলে এসেছে।
তিনি আরও বলেন, অতীতে প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার উদাহরণ রয়েছে। তাই চলমান আলোচনায় ইরানের সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত আশাবাদ শত্রুপক্ষ নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এতে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।
চুক্তির বিভিন্ন বিষয়ে যুদ্ধবিরতি, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ শিথিলকরণ, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা, অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে ইরানের প্রতিশ্রুতির বিষয় উল্লেখ রয়েছে।
তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সেগুলো পরবর্তী আলোচনায় নির্ধারণ করা হবে।
সূত্র: প্রেস টিভি