আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া আন্দোলনে যুক্ত ব্যক্তিদের ‘মোহারেব’ অর্থাৎ ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী, বিক্ষোভে সক্রিয় যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিক্ষোভের পেছনে মূলত অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে জনমতের প্রতিক্রিয়া রয়েছে। দেশের মুদ্রা ইরানি রিয়েল ডলারের বিপরীতে রেকর্ড নিচু মানে নেমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে।
গত ২৮ ডিসেম্বর রাজধানীর ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন, যা ধীরে ধীরে দেশের অন্যান্য শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। এর পর থেকে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলনের মাত্রা বাড়ছে।
সরকার বিক্ষোভ দমাতে দেশের প্রায় সব শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সীমিত করা হয়েছে এবং সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড মাঠে নামানো হয়েছে। সংঘর্ষে ইতিমধ্যেই কয়েকজন নিহত হয়েছে।