আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমাকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ৩২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ঘটনার পর কুয়েতে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আসা ৩২টি ড্রোন শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে ড্রোন ধ্বংসের সময় এর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে কিছু অবকাঠামোর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা সাম্প্রতিক দিনগুলোতে আরও তীব্র হয়েছে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ থাকলেও উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জরুরি নির্দেশনা বা সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যায়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে বসবাসরত লাখো প্রবাসী শ্রমিকের ওপর এর প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।