আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক ইতিবাচক ফল নিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতার খসড়া প্রস্তুতের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়া পুরো আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ ও রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিতে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও অব্যাহত থাকবে।
শেহবাজ শরিফের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এ প্রক্রিয়ায় পাকিস্তান ভবিষ্যতেও ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।
সূত্র: আল জাজিরা