আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের জনগণ কিংবা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্ত জবাব দেওয়া হবে।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। তার এই বক্তব্য আসে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের বিতর্কিত মন্তব্যের জবাবে।
কাটজ দাবি করেন, ইরান আলোচনার আড়ালে কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরেও কঠোর মন্তব্য করেন।
এর জবাবে আরাগচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলি স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় এবং ইসরাইল উসকানিমূলক পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে ইরান উপযুক্ত জবাব দেবে।
আরাগচি জোর দিয়ে বলেন, "আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।"
সাম্প্রতিক সংঘাত, পাল্টাপাল্টি হুমকি এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: মেহের নিউজ এজেন্সি