আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে তার সরকার কাজ করছে। কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে চলছে এবং ভবিষ্যতে এটি দুই দেশের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেন, সিরিয়া এমন একটি নিরাপত্তা সমঝোতা চায় যা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তা করবে। তবে তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো চুক্তির কারণে অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার দাবি থেকে সরে আসার প্রশ্ন নেই।
তিনি আরও বলেন, বর্তমানে সিরিয়া ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি কার্যকর নিরাপত্তা কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আল-শারা লেবাননে সামরিক হস্তক্ষেপের গুঞ্জনও নাকচ করে বলেন, দেশটির সংকট সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, লেবাননের অস্থিতিশীলতা সিরিয়ার ওপরও প্রভাব ফেলতে পারে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না, দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দিতে হবে। এতে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও সহজ হবে।
তিনি জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সরকারের চুক্তি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও সরকার তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া ২০১১ থেকে ২০২৪ সালের সংঘাতের সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই কমিটি কাজ করবে।
সূত্র: আল জাজিরা