আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, প্রস্তুত ও প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ১৯৮০-এর দশকের যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশটি আগের চেয়ে বেশি সংগঠিত ও প্রতিরোধে সক্ষম।
বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের সব ধরনের কর্মকাণ্ডের ওপর তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের ভুল পদক্ষেপ বা আগ্রাসন ঘটলে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
আইআরজিসি আরও দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত হিসাব ব্যর্থ হয়েছে এবং ইরানের সামরিক পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করেছে।
এদিকে, বাহিনীটি জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল সীমিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রেস টিভি