আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে প্রস্তাবিত একটি নিরাপত্তা কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে নাবিহ বেরি জানান, বর্তমান প্রস্তাবে লেবাননের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা না থাকায় তিনি এই চুক্তিকে অসম্পূর্ণ বলে উল্লেখ করেন।
তার মতে, ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড থেকে পুরোপুরি সরে না যাওয়া এবং সীমান্তে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিই কার্যকর বা অর্থবহ হতে পারে না।
আল জাজিরা আরও জানিয়েছে, লেবাননের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও এই প্রস্তাব নিয়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চল ও বৈরুতের উপকণ্ঠের বাসিন্দারা মনে করছেন, তাদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়টি চুক্তিতে যথেষ্ট গুরুত্ব পায়নি।
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকার বাসিন্দা আলী যায়তুন আল জাজিরাকে বলেন, বছরের পর বছর হামলা ও ধ্বংসযজ্ঞের শিকার হওয়ার পর একই পক্ষের সঙ্গে এমন একটি চুক্তি মেনে নেওয়া তাদের জন্য সহজ নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত নিরাপত্তা এবং লেবাননের সার্বভৌম অধিকার নিশ্চিত করার বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না হলে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।
সূত্র: আল জাজিরা