আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রকে তাদের সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভিআর বা এনভিআর ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।
এছাড়া পরীক্ষাকালীন সময় কেন্দ্রগুলোর ডিভিআর ও এনভিআর ডিভাইসে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বোর্ড থেকে সরাসরি কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুনের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় সব তথ্য পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর উল্লেখ করে ‘CCTV EIIN Number’ লিখতে হবে।
বোর্ড জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ করা এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।