আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সামনে রেখে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, শিক্ষার্থীদের একাধিকবার রেজিস্ট্রেশন করার সুযোগ আর থাকবে না।
সোমবার যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “এক মুরগি তিনবার জবাই করা যাবে না” এই উপমার মাধ্যমে তিনি বোঝাতে চান, একজন শিক্ষার্থীকে শিক্ষাজীবনে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে নতুন করে ভর্তি বা রেজিস্ট্রেশন করার প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
নকল প্রসঙ্গেও কঠোর মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শিক্ষার্থীরা নকল করতে চাইলে সেটি তাদের দোষ নয়, বরং এটি শিক্ষকদের দুর্বলতা। তিনি বলেন, বর্তমানে নকলের ধরনও পরিবর্তিত হয়েছে, এখন “ডিজিটাল নকল” বাড়ছে। তাই সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করতে হবে।
তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থার উন্নয়নে জবাবদিহিতা বাড়ানো জরুরি। তাকে নিয়ে সমালোচনা বা প্রশ্ন তোলাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং শিক্ষাখাতে স্বচ্ছতা আনতে কাজ করতে চান।
সভায় বিভিন্ন অঞ্চলের সংসদ সদস্য ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।