আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ হঠাৎ দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে আসনে বসার নির্দেশ দিয়ে বলেন, “এটা শাহবাগ নয়, জাতীয় সংসদ।
রোববার (২১ জুন) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই কথা বলার সুযোগ চেয়ে দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ।
ডেপুটি স্পিকার তাকে একাধিকবার আসনে বসতে অনুরোধ করেন এবং সংসদের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং ইচ্ছেমতো দাঁড়িয়ে কথা বলা সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে নির্দেশের পরও হান্নান মাসুদ দাঁড়িয়ে থেকে বক্তব্য দেওয়ার সুযোগ দাবি করতে থাকেন। এক পর্যায়ে ডেপুটি স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “এটা শাহবাগ নয়, জাতীয় সংসদ। দয়া করে আপনার আসনে বসুন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরে হান্নান মাসুদ নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানান এবং বক্তব্য রাখার সুযোগ চেয়ে বারবার আহ্বান জানান।
ঘটনার পর সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য দেন। এ ঘটনায় সংসদ কক্ষে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।