আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-তে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এটি পেরু সীমান্তঘেঁষা পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়ন করছিল।
দেশটির সশস্ত্র বাহিনীর তথ্যমতে, বিমানে মোট ১২৮ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং ২ জন জাতীয় পুলিশের সদস্য ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, উড্ডয়নের সময় বিমানটি রানওয়ের শেষ প্রান্তে আঘাত হানে। এরপর একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগলে তা আগুন ধরে বিস্ফোরিত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হলেও অধিকাংশই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের বিষয়টি উল্লেখ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, পুরোনো মডেলের এই ধরনের সামরিক পরিবহন বিমান বহু বছর ধরে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম