আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘কি রাগ করলা’ সংলাপ এবার পৌঁছে গেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার পেজেও। জনপ্রিয় এই ট্রেন্ড ব্যবহার করে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে বিশেষ পোস্ট করেছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ।
বৃহস্পতিবার প্রকাশিত ওই পোস্টে নেইমারের একটি ছবি ব্যবহার করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন। ছবির ওপর যুক্ত করা হয় ভাইরাল সংলাপ ‘কি প্রতিপক্ষ রাগ করলা’।
পোস্টটি মূলত বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের লক্ষ্য করেই করা হয়েছে বলে ধারণা করছেন অনেকেই। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এই সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ‘কি রাগ করলা’ সংলাপটি ভাইরাল হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তার পাশে ভবিষ্যৎ গণনার সময় প্রতিটি কথার শেষে মজার ভঙ্গিতে ‘রাগ করলা’ শব্দটি ব্যবহার করছেন। এরপর থেকেই এটি মিম, পোস্ট, কমেন্ট ও ইনবক্সে দ্রুত ছড়িয়ে পড়ে।
এবার সেই ট্রেন্ডে যোগ দিয়ে নেইমারকে ঘিরে ফিফার পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।