আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যে এবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে শোধনাগারের একটি ইউনিটে আগুন ধরে গিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কুয়েত নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একই দিনে কুয়েতের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা মিনা আল-আহমাদি শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানেও আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। এক দিনের ব্যবধানে দুটি বড় শোধনাগারে হামলার ঘটনায় দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এদিকে, কাতারের রাস লাফান এলাকা এবং ইরানের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলার ঘটনার পর কুয়েতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবে এসব হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের ধারাবাহিক হামলা অঞ্চলজুড়ে ‘জ্বালানি যুদ্ধের’ আশঙ্কা তৈরি করছে, যা বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম