আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের উপকণ্ঠে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি কোচিং সেন্টারে শিশুদের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। নিহতদের অধিকাংশের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করে। প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে উদ্ধারকাজ শেষ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির ছাদ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত চাপের কারণেই ছাদ ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও ঘটনাটিকে হৃদয়বিদারক ট্র্যাজেডি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র: বিবিসি