আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেছেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এ সিদ্ধান্ত থেকে তাকে সরাতে কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করবে না।
তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন খাতে দুর্নীতির মাধ্যমে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, তবে বর্তমান সরকার জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালটির পক্ষ থেকে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো প্রলোভনে না পড়ে তিনি অনিয়মের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করতে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চীনের সহযোগিতায় তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া পরীক্ষামূলকভাবে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর কথাও জানান তিনি, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।