আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রথম নভোচারী ও মহাকাশে যাওয়া ইতিহাসের চতুর্থ মুসলিম আবদুল আহাদ মোমান্দ আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ জুন জার্মানিতে ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মির মহাকাশ স্টেশনে অভিযানে অংশ নেওয়ার সময় তিনি একটি পবিত্র কোরআন সঙ্গে নিয়েছিলেন এবং মহাকাশে অবস্থানকালে তা তেলাওয়াত করেছিলেন। এ ঘটনা মুসলিম বিশ্বে তাকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।
গজনি প্রদেশে জন্ম নেওয়া মোমান্দ মস্কোর ইউরি গ্যাগারিন বিমানবাহিনী একাডেমিতে অধ্যয়ন করেন। প্রায় ৪০০ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত আটজনের একজন হিসেবে তিনি সোভিয়েত ইউনিয়নের ইন্টারকসমস কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পান। ওই কর্মসূচির আওতায় তিনি নয় দিন মহাকাশে অবস্থান করেন।
পরে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে তিনি জার্মানিতে বসবাস শুরু করেন। তবে ২০১৩ সালে নিজের ঐতিহাসিক মহাকাশ অভিযানের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি আফগানিস্তানে ফিরে যান। সে সময় দেশটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এক সাক্ষাৎকারে মোমান্দ জানিয়েছিলেন, তাদের মহাকাশ অভিযানের প্রস্তুতির জন্য মাত্র ছয় মাস সময় পাওয়া গিয়েছিল, যেখানে সাধারণত এমন প্রস্তুতিতে দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লাগে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আবদুল আহাদ মোমান্দ আফগানিস্তানের জন্য এক গৌরবময় উত্তরাধিকার রেখে গেছেন। একই সঙ্গে সামরিক বিশ্লেষক ও সাধারণ নাগরিকরাও তাকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার প্রতীক হিসেবে স্মরণ করেছেন।
অনেক আফগানের মতে, মোমান্দের মহাকাশযাত্রা নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে। কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে যাওয়া তার সেই ঐতিহাসিক অভিযানের কথা আজও গর্বের সঙ্গে স্মরণ করেন আফগানরা।
সূত্র: বিবিসি ও টোলোনিউজ