আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুবাহী গাড়ি থেকে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদকে ঘিরে পশুবাহী যানবাহন চলাচলে যাতে কোনো হয়রানি না হয়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন শেখ রবিউল আলম। তার দাবি, দীর্ঘদিন এই অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, গাছ লাগানোর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত তদারকি করতে হবে। পরিবেশ রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল ধীরে ধীরে সাধারণ মানুষ পাবে।