আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আগামী ৩ জুলাই তেহরান সফরে যাচ্ছেন।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল, যা গ্রহণ করেছেন স্পিকার।
আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার এই রাষ্ট্রীয় আয়োজনে বাংলাদেশের স্পিকারকে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
ইরান সরকার কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবে। আগামী ৪ জুলাই প্রথম জানাজার মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। পরে ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা এবং ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মৃত্যুর আগে টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: ইউএনবি, পররাষ্ট্র মন্ত্রণালয়