আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তিন ধাপে গণমিছিল কর্মসূচির মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নে চাপ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল দেশের বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তবে এখন পর্যন্ত রাষ্ট্রব্যবস্থায় দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন আনতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি। এটি আইনগত স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণরায় উপেক্ষা করছে। আন্দোলন দমনে কঠোর অবস্থান নিলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জোটের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।