আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভারী যন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, সরকারি জমি দখল করে নির্মিত হওয়ায় ভবনটি উচ্ছেদ করা হয়েছে। একই অভিযানে বাজার এলাকার আরও কয়েকটি অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, টানা তিন দিনের অভিযানে শহরের অন্তত ২০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।