আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো চাঁচকৈড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আহতদের মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ এবং স্থানীয় বাসিন্দা নাঈম (৩২) রয়েছেন। আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। এ সময় এএসআই আজিজ আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।