আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ও মাটির ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে এসব সরঞ্জাম পরিবহনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
জানা গেছে, ইসরায়েলের জন্য সামরিক যন্ত্রাংশ বহনকারী একটি উড়োজাহাজ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দর ব্যবহার করায় বিষয়টি নজরে আসে। এরপর গত ২৪ মার্চ সেখানে তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়, যা একদিন আগে যুক্তরাজ্য থেকে রওনা হয়েছিল।
ব্রিটিশ ও ইউরোপীয় কয়েকটি গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠন আগেই এই রুট ব্যবহার করে অস্ত্র পরিবহনের বিষয়ে সতর্ক করেছিল। এরপরই বেলজিয়াম কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পদক্ষেপ নেয়।
তদন্তে জব্দ করা মালামালের মধ্যে সামরিক বিমানের যন্ত্রাংশ এবং অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপাদান পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এগুলো যথাযথভাবে সামরিক সরঞ্জাম হিসেবে ঘোষণা না দিয়ে সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে পাঠানো হচ্ছিল।
এ ঘটনায় ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি মার্কিন অ্যারোস্পেস কোম্পানির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে, যার যুক্তরাজ্যভিত্তিক কারখানা থেকে পূর্বেও একইভাবে সরঞ্জাম পাঠানো হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব চালান যুক্তরাজ্যের একটি ওপেন এক্সপোর্ট লাইসেন্সের আওতায় পাঠানো হচ্ছিল এবং অন্তত ১৭টি চালান একই পদ্ধতিতে এর আগে এই রুট ব্যবহার করেছে।
এদিকে যুক্তরাজ্য সরকার আগেই গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করেছিল। তবে নির্দিষ্ট কিছু সামরিক প্রকল্পের ক্ষেত্রে এখনো সীমিত ছাড় রয়েছে।
বেলজিয়াম কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই ধরনের সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিল, যা নেওয়া হয়নি। এমনকি আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা অনুমোদন পেত না বলেও জানানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই