আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সামাজিক ও সাংগঠনিক দায়িত্বের অংশ হিসেবে চাঁদা দেওয়া কখনোই অবৈধ হতে পারে না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং পরিবহন খাতে যেসব জায়গায় অনিয়ম বা ঘাটতি রয়েছে, সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, পরিবহন তত্ত্বাবধানের দায়িত্ব সরকারের ওপর রয়েছে এবং এ বিষয়ে তারা সচেতনভাবে কাজ করছেন। যেখানে ব্যত্যয় ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, তিনি মসজিদ কমিটির সদস্য হিসেবে নিয়মিত চাঁদা দেন, রিহ্যাবের সদস্য হিসেবে বার্ষিক চাঁদা দেন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ায় দলীয় চাঁদাও দিয়ে থাকেন। এসব প্রসঙ্গে প্রশ্ন রেখে তিনি বলেন, এগুলোকে কি অবৈধ বলা যায়?
মন্ত্রী আরও বলেন, পরিবহন খাতে বড় কোনো কাঠামোগত পরিবর্তন না হলেও সরকারের লক্ষ্য মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শৃঙ্খলা ফেরানো।