আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এ দৃশ্য দেখা যায়।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী সাধারণ মুসল্লিদের সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় অনেক মুসল্লিকে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত হতে দেখা যায়।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য এগিয়ে আসেন। এতে কিছু সময়ের জন্য ভিড় তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি সতর্কতা নিতে দেখা যায়।
এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও অংশ নেন।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।