আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট বাতিল, এই দুই বিষয়কে একসঙ্গে জড়িয়ে দেখাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর কাঠামো, যার বাস্তবায়ন গণভোটের ফলাফলের ওপর নির্ভর করে না।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের মধ্যেই এর বাস্তবায়নের পথনির্দেশনা দেওয়া আছে। সংবিধান সংশোধনের মাধ্যমেই এটি কার্যকর হবে বলে সনদে উল্লেখ রয়েছে। তাই গণভোট বাতিল হলে সনদও বাতিল হয়ে যাবে, এ ধরনের বক্তব্যকে তিনি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে দেখা হচ্ছে, যা দেশের জনগণের প্রত্যাশা ও দাবি থেকে তৈরি হয়েছে। এই সনদ বাস্তবায়নে বর্তমান সংসদই সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তার মতে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। তবে দেশে এখনো তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করা হচ্ছে, যেখানে কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত তেল কিনে মজুত করছে।
তিনি সতর্ক করে বলেন, মজুতদারি ও কালোবাজারি ঠেকাতে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশের খাল-নদী দখলমুক্ত ও পুনঃখননের কাজ জোরদার করা হবে। যেই হোক না কেন, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।