আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতরণের সময় বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে, এতে অন্তত ৫০ জন আহত হন।
স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য কার্ড ইস্যু করেছিল। বৃহস্পতিবার সকালে গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চাইতে গিয়ে যুবদল নেতা শামীম হোসেন লস্করের সঙ্গে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় সালিশ বসলেও সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।