আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয় অনুযায়ী, রোববার (১৪ জুন) স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দরে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গত ১৩ জুন থেকে এই দাম কার্যকর রয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।
এর আগে ১১ জুন স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেয়েছে।
শুধু স্বর্ণ নয়, বেড়েছে রুপার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ১৪৯ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দামও একাধিকবার পুনর্নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং স্থানীয় কাঁচামালের মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।