আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা ঘোষণা করে জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন ভ্যাট সমন্বয়ের মাধ্যমে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় উন্নীত হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে সেই দাম থেকে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৭ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।