আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চলন্ত ট্রেনের ভেতর নির্যাতনের শিকার হয়ে এক মসজিদের ইমামকে বাইরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। একটি অডিও ক্লিপ প্রকাশের পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে।
ঘটনাটি ঘটে বেরিল্লি এলাকায় গত ২৭ এপ্রিল। নিহত মাওলানা তৌসিফ রেজা প্রথমে ট্রেন থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করেছিল পুলিশ। কিন্তু পরিবারের প্রকাশ করা একটি ফোনালাপ সেই ধারণা পাল্টে দেয়।
অডিওতে শোনা যায়, তিনি তার স্ত্রীকে জানাচ্ছেন, ট্রেনের ভেতরে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করছে। তিনি পুলিশে অভিযোগ করবেন বলেও জানান। একই সঙ্গে তিনি বলেন, তাকে চুরির অভিযোগে মারধর করা হচ্ছে।
নিহতের স্ত্রী তাবাসসুম জানিয়েছেন, ফোনে স্বামীর কাছ থেকে এমন পরিস্থিতির কথা শুনে তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সাহায্য নিতে বলেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তৌসিফকে জোর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। তার চাচাও একই আশঙ্কা প্রকাশ করেছেন।
ঘটনার পর পরিবারটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নতুন তথ্য সামনে আসার পর পুলিশও ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
এই নির্মম ঘটনার পর ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হেনস্তা ও গণপিটুনির মতো ঘটনা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা আবারও সামনে এলো এই ঘটনায়।
সূত্র: ভারতীয় গণমাধ্যম