আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে এমন প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মূল্যবান ধাতুর বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৯ ডলারে নেমে আসে। একই সময়ে স্বর্ণের ফিউচার বাজারেও দর কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমে গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতির খবরও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কমিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলারভিত্তিক সম্পদের দিকে ঝুঁকছেন।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও বড় ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে।
এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দরপতন দেখা গেছে। প্ল্যাটিনামের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৩৭ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের আসন্ন অর্থনৈতিক সূচক এবং ফেডের ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্তের ওপর আগামী কয়েক সপ্তাহে স্বর্ণ ও রুপার বাজারের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।
সূত্র: রয়টার্স