আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: তীব্র প্রত্যাশা আর উত্তেজনার শেষ ম্যাচে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের স্বপ্ন। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজও খোয়ালো টাইগাররা।
সিরিজের আগে দুই দলের মধ্যকার শক্তির পার্থক্য খুব বেশি ছিল না। প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায়—পরাজয় ৭৭ রানে। এরপর দ্বিতীয় ম্যাচে ফিরে দাঁড়িয়ে ১৬ রানের জয় তুলে নেয় মেহেদি হাসান মিরাজের দল, সিরিজে সমতা ফেরায় ১–১-এ।
তবে শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা টস জিতে প্রথমে ব্যাট করে কুশাল মেন্ডিসের ঝলকধার ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। মেন্ডিস ১১৪ বলে ১৮টি চারে করেন ১২৪ রান। অধিনায়ক চারিথ আসালাঙ্কা করেন ৫৮ ও ওপেনার নিশাঙ্কা ৩৫ রান যোগ করেন দলের স্কোরে।
বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদি মিরাজ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন ও তানভির ইসলাম।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ব্যাটিং লাইনআপে ছিল না দৃঢ়তা, ছিল না পরিকল্পনার ছাপ। ইনিংসের ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
তাওহিদ হৃদয় করেন সর্বোচ্চ ৫১ রান। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৮ এবং জাকের আলি ২৭ রান করেন। বাকিরা একের পর এক ব্যর্থতার পরিচয় দেন।
শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নেন আসিতা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা। ২টি করে উইকেট ভাগ করে নেন দুনিত ওয়ালালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এই হারে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় শ্রীলংকা।