আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রসহ বৃষ্টির এই পরিস্থিতি আগামী কয়েক দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে।