আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের সমপরিমাণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া এই ভাতা বাড়িয়ে ১০০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে এই ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন সেটিকে পূর্ণাঙ্গভাবে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।
তিনি জানান, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা খাতের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষি উন্নয়ন ও কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ হবে এবং উৎসব ভাতা দ্বিগুণ করার বিষয়টি বাস্তবে রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।