আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টার: দলীয় নারী কর্মীর সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’-এর অভিযোগ তুলে তা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Shafiqur Rahman। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা রাজনৈতিকভাবে উদ্বেগজনক। তার ভাষায়, ইতিহাসে দেখা যায়, ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে অনেক সময় ভিন্নমত দমনের চেষ্টা করে, তবে এর ফল দীর্ঘমেয়াদে উল্টো হতে পারে।
তিনি আরও বলেন, যারা ভেতরে ভেতরে স্বৈরতান্ত্রিক মানসিকতা লালন করেন, তারা অতীত থেকে শিক্ষা নেন কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, গত ৫ এপ্রিল রাতে ওই নারী কর্মীকে তার বাসা থেকে আটক করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এখনো জানা যায়নি। ফলে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
সূত্র: জাতীয় সংবাদমাধ্যম