আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকদের হাতে ও মন্দির ট্রাস্টে জমে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ অর্থনীতিতে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘরে পড়ে থাকা স্বর্ণ রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে বাজারে ফিরিয়ে আনতে।
সরকারি ও বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতের পরিবার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে বর্তমানে প্রায় ৩০ হাজার থেকে ৩২ হাজার টন স্বর্ণ জমা রয়েছে, যার বড় অংশ দীর্ঘদিন ধরে ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে।
বিশেষজ্ঞদের মতে, এই স্বর্ণের সামান্য অংশও যদি অর্থনীতিতে ফিরে আসে, তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস পাবে।
রিসাইক্লিং প্রক্রিয়ায় পুরোনো গহনা ও স্বর্ণের সামগ্রী গলিয়ে পুনরায় পরিশোধনের মাধ্যমে খাঁটি স্বর্ণে রূপান্তর করা হয়, যা আবার বাজারে ব্যবহার করা যায়।
অর্থনীতিবিদরা বলছেন, ভারতের স্বর্ণ আমদানির বড় অংশ পূরণ হয় বিদেশ থেকে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। তাই এই উদ্যোগকে আমদানি নির্ভরতা কমানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, সাংস্কৃতিক কারণে বহু পরিবার স্বর্ণ বিক্রি বা পুনঃপ্রক্রিয়াজাত করতে আগ্রহী নয়, তাই এই উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।
সূত্র: এনডিটিভি