আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আইনগতভাবে আগের বিবাহ বিচ্ছেদ না করেই নতুন করে বিয়ের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বহুল আলোচিত মামলার রায় আজ (১০ জুন) ঘোষণা করা হবে।
দীর্ঘ প্রায় চার বছরের বেশি সময় ধরে চলা এই মামলার রায়ের দিকে এখন দেশজুড়ে নজর রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কারাদণ্ডসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে রাকিব হোসেনের সঙ্গে তামিমা সুলতানার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। পরে ২০২০ সালে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ে হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেছেন, তাদের মক্কেলরা নির্দোষ এবং তারা খালাস পাবেন।
আইন বিশেষজ্ঞদের মতে, দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা উভয়েরই কারাদণ্ড হতে পারে, যা সর্বোচ্চ কয়েক বছর পর্যন্ত বাড়তে পারে।
মামলার রায়কে কেন্দ্র করে এখন আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।