আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে বগুড়ার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগ চার সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে অল্প সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, পাকশী বিভাগের মেকানিক্যাল প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। এতে পরিবহন, প্রকৌশল ও সংকেত বিভাগের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যান্ত্রিক ত্রুটি, অবকাঠামোগত সমস্যা কিংবা অন্য কোনো কারণ আছে কি না, তা যাচাই করবে।
পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।