আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বগুড়ার আদমদীঘি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ। দুর্ঘটনাকবলিত কোচগুলোর কিছু উদ্ধার করা গেলেও বাকিগুলো সরানোর কাজ চলছে।
রেলওয়ে সূত্র জানায়, ৯টি বগির মধ্যে এখন পর্যন্ত ৪টি উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। বাকি ৫টি কোচ সরাতে কাজ অব্যাহত রয়েছে। সব কোচ সরানোর পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে হবে, এরপরই স্বাভাবিক হবে ট্রেন চলাচল।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো রুট সচল হতে আরও সময় লাগতে পারে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রান্সশিপমেন্ট চালু করা হয়েছে। অর্থাৎ যাত্রীরা দুর্ঘটনাস্থলের একপাশে নেমে হেঁটে অন্য পাশে গিয়ে আবার ট্রেনে উঠছেন। এতে সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছে।
পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান, সীমান্ত, রূপসা, তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রীরা এ পদ্ধতিতে যাতায়াত করছেন। তবে এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুর্ঘটনার প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচীতেও। কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন বিকল্প পথে চলাচল করছে।
এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।