আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগে মাত্র ১২ মিনিটের ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছায়দুল হক (৫৯) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে দ্রুত কানকিরহাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।
ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ছায়দুলকে মৃত ঘোষণা করা হয়। ঠিক ১২ মিনিট পর একই চিকিৎসকের কাছেই মরিয়মকেও মৃত ঘোষণা করা হয়।
তাদের পরিবারে ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে। শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে স্বামী-স্ত্রীর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। আকস্মিক এ ঘটনায় গ্রামে গভীর শোক নেমে এসেছে।
cgt