আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে মাত্র ৪০ সেকেন্ডের এক হঠাৎ টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে. রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটা এই আকস্মিক দুর্যোগে পুরো গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দ করে গ্রামের ওপর দিয়ে এই টর্নেডোটি বয়ে যায়. মাত্র ৪০ সেকেন্ডের এই ঝড়ে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং প্রায় ২০টির মতো ছোট-বড় ঘরবাড়ি উড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়. টর্নেডোর তাণ্ডবে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে. এছাড়া ঝড়ের কারণে ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রাথমিক হিসাবে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে. হঠাৎ সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন চরম হতাশা ও আর্তনাদ বিরাজ করছে।
দুর্যোগের বর্ণনা দিতে গিয়ে সাহাব উদ্দিন নামের সত্তর বছর বয়সী এক ক্ষতিগ্রস্ত বৃদ্ধ জানান, তাঁর দীর্ঘ জীবনে তিনি এমন বিধ্বংসী টর্নেডো আর কখনো দেখেননি. এটি ছিল হঠাৎ করে ধেয়ে আসা এক কেয়ামতের মতো।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের দুর্দশা প্রত্যক্ষ করেন. দুর্গতদের সরকারিভাবে জরুরি সহায়তা প্রদানের জন্য তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, তিনি টর্নেডোর খবরটি পেয়েছেন. জেলা সদরে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় যুক্ত থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে তাঁর কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।