আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, তিনি আজ বা আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগের পর রাজধানীর গুলশানে নিজের বাসভবনে বসবাসের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। তবে স্পিকার বর্তমানে বিদেশে থাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গভবনের একাধিক সূত্রের দাবি, পদত্যাগের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত রাষ্ট্রপতির স্বাক্ষর নেওয়া হয়নি বলে জানা গেছে।
এদিকে বঙ্গভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন। তাদের দাবি, চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার বিষয়ে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরেকটি সূত্র জানায়, পদত্যাগের পর রাষ্ট্রপতি কিছুদিন গুলশানের বাসায় অবস্থান করবেন। পরে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতীতে বিভিন্ন সময় তিনি প্রয়োজনে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথাও প্রকাশ্যে উল্লেখ করেছিলেন।