আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সংসদে পর্দা ও নিকাব বিষয়ে দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ডেপুটি স্পিকারের বিরুদ্ধে স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কার্যপ্রণালী বিধির ৩০২ ধারা অনুযায়ী সম্প্রতি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন এই সংসদ সদস্য।
গত ১৪ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় নারীর পর্দা ও নিকাব প্রসঙ্গে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ঘিরে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলের সদস্যরা আপত্তি জানালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন।
তিনি জানান, ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের বিষয় নিয়ে মন্তব্য সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে সংশ্লিষ্ট বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি সংসদের বাইরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। কয়েকটি ধর্মীয় সংগঠন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয়।
তবে মনিরুল হক চৌধুরীর দাবি, তিনি পর্দা বা নিকাব নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য করেননি। তার বক্তব্য বাদ দেওয়ার যৌক্তিকতা জানতে এবং বিষয়টি পর্যালোচনার জন্যই তিনি অভিযোগ করেছেন।
সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।