আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিতে জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হরমুজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরের জমিতে ধান কাটতে যান। কিন্তু সেখানে গিয়ে নিজের প্রায় ৬ বিঘা জমির ধান পানিতে তলিয়ে যেতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান।
পরে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানান, নিজের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে আহাদ মিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, টানা বৃষ্টিতে এলাকায় বহু কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে এবং একজন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।