আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাতটি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরিগুলো স্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে।
প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।